Ountu's Closet
My thinking
সবাই বলে মাতৃত্ব ব্যাপারটা নাকি স্বর্গীয় কিন্তু আমি সেই স্বর্গের সোপানে দ্বিতীয়বার আর পা রাখতে চাই না। আমার একমাত্র রাজকন্যা রিমঝিমের বয়স এখন সাড়ে চার বছর।
প্রায় সবাই আমাকে একই প্রশ্ন করে,
-একটা বাচ্চা নিয়েই থাকবে নাকি? আরেকটা নাও।
আমি হেসে সুন্দর করে বলি "না"অনেকেই এই না শব্দটা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কিন্তু তাতে আমার কিছুই করার নেই। এই একটা "না" আমাকে স্বার্থপর, একগুঁয়ে, এমনকি অহংকারীও বানিয়ে ফেলেছে।
কেউ উপদেশ দিতে গিয়ে বলে,
"এক সন্তান বড় হয়ে একা হয়ে যাবে। ভাই বোনের দরকার আছে জীবনে।" কেউ বা আবার বলে, "একটা ছেলে থাকলে ভালো হতো।"
আমি জবাব দিই না। মিষ্টি হেসে পাশ কাটিয়ে যাই।
কারণ কেউ জানেই না এই একটি সন্তানের জন্ম দিতে গিয়ে আমাকে কত কিছু হারাতে হয়েছে। শান্তি, নিজের অধিকার, সম্পর্কের মধুরতা, কাছের মানুষদের প্রতি বিশ্বাস-ভরসা।
বিয়ের পর আমার জীবনটা ছিল সত্যিই স্বর্গের মতো।
আমাদের ছোট্ট যৌথ পরিবার। আমার স্বামী রাফিন, শ্বশুর-শাশুড়ি আর ননদ রুবি। বিয়ের পরের দেড় বছর কি সুন্দর যে কেটেছিল! শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো রাখতেন, রুবি আর আমি বিভিন্ন অকেশনে একই রকম শাড়ি, সালোয়ার কামিজ পরতাম। রাফিন অফিস থেকে ফেরার সময় কখনো ফুচকা, কখনো আইসক্রিম নিয়ে আসত। রাতের খাবার শেষে সবাই একসঙ্গে বসে গল্প করতাম। তখন মনে হতো, মানুষের জীবন এত সুন্দরও হতে পারে!
এরপর এলো এক খুশির সংবাদ, আমি মা হতে চলেছি।
খবরটা শুনে রাফিন সবার সামনেই আমাকে জড়িয়ে ধরেলো। মা তো আনন্দে প্রায় কেঁদে ফেললেন। বাবাও পেপার থেকে চোখ সরিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। রুবি ছুটতে ছুটতে মিষ্টি কিনতে গেল।
এক সন্ধ্যায় রাফিন আমার চুলে বিলি কাটতে কাটতে বলল,
-ছন্দা, একটুও ভয় পেয়ো না। আমি দুই-একদিনের মধ্যেই তোমাকে তোমাদের বাসায় রেখে আসবো।
আমি অবাক হয়ে তাকিয়েছিলাম।
-কেন!
ও খুব স্বাভাবিক গলায় বলল,
-মা বলেছে। এই সময় মেয়েদের অনেক যত্ন লাগে। তোমার মা ছাড়া এসব কে বুঝবেন?
আমি তখন আরো অবাক হয়েছিলাম কারণ আমার বাড়িতে বিধবা এক মা ছাড়া আর কেউ নেই।আমার বাবা অনেক আগেই মারা গেছেন। আমাকে সহ মাকে চাচারা ঘাড় ধাক্কা দিয়ে বের করতে দুদিনও সময় নেননি। আমার বিধবা মা সেলাই করে, টিউশনি করিয়ে আমাকে বড় করেছেন। সেই মানুষটার কাঁধেই আবার আমার সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হবে? আর যাদের পেছনে আমি এই দেড় বছর ক্রমাগত শ্রম আর ঘাম দিয়ে গেলাম তাদের কাছে কি আমি এই সময়ে একটু যত্ন আশা করতে পারি না? বাড়িতে শক্ত সামর্থ্য শ্বশুর-শাশুড়ি, একজন ম্যাচিউরড ননদ আর সবচেয়ে বড় কথা রাফিন থাকা সত্ত্বেও আমার যত্নের জন্য আমাকে আমার বিধবা মায়ের কাছে চলে যেতে হবে! হঠাৎ যদি আমার কোন সমস্যা হয় তাহলে আমার একলা মা আমাকে নিয়ে কোথায় ছোটা ছুটি করবেন? আমি সেদিন বুঝেছিলাম মাতৃত্ব অহংকার না, গর্ব না এটা বোধহয় দূরে ঠেলে দেওয়ার একটা পন্থা। সেদিনই প্রথম মনে হয়েছিল আমি বোধহয় এই পরিবারের সদস্য হতে পারিনি বরং আমি এতদিন এই বাড়িতে আমার দায়িত্ব পালন করেছি। যখনই এই দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ তখনই আমাকে আমার পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে।
তবুও আমি কিছু বলিনি। রাফিনের সঙ্গেই মায়ের কাছে গেলাম। রাফিন অবশ্য সপ্তাহে দুদিন নিয়ম করে আসত। ওষুধ আনত, আমার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিত।
মাত্র কয়েকদিন পর থেকেই আমার প্রচণ্ড বমি শুরু হলো। এক ফোঁটা পানি খেলেও বেরিয়ে আসে। মা সারারাত আমার মাথার পাশে বসে থাকেন। নিজের হাতে ভাত মেখে এক লোকমা খাওয়ানোর চেষ্টা করেন। প্রচন্ড ক্ষুধা পেটে নিয়েও আমি খেতে না পেরে কাঁদতাম, মা আমার সঙ্গে কাঁদতেন। আমার খাটের পাশে বালতি রাখা হলো কারণ এই নিস্তেজ শরীরে উঠে গিয়ে বারবার বাথরুমে বমি করা আমার পক্ষে সম্ভব না। মা সেই বালতি বারবার পরিষ্কার করতেন। ইতোমধ্যে আমার শ্বশুর-শাশুড়ি আর ননদ এসে আমাকে দুইবার দেখে গেছে। আমার শাশুড়ি আমার মাথায় হাত রেখে বলেছেন,
-এই সময় এমন একটু হয় মা, ধৈর্য্য রাখো।
তারা মেহমানের মতো আসেন আর মেহমানের মত চলে যান। আমার নিজেকে কেমন উচ্ছিষ্টের মত লাগে তখন।
একসময় অবস্থা এত খারাপ হলো যে হাসপাতালে ভর্তি হতে হলো। তিন দিন হাসপাতালের বিছানায় শুয়ে ছিলাম।
রাফিন প্রতিদিন সন্ধ্যায় অফিস শেষে আসত। ও বাড়ির সবাই হাতে ফল, হরলিক্স, বিস্কুট নিয়ে এলো। আমার তখন স্যালাইন চলছে, ডাক্তার কিচ্ছু খেতে বারণ করে দিয়েছেন। তা তারা জানলেনও না কারণ তারা তো অতিথি মাত্র। সবাই অনেকক্ষণ গল্প করলেন, হাসলেন, আমাকে সান্ত্বনা দিলেন। তারপর চলে গেলেন।
আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, এরা কি সত্যিই আমার পরিবারের মানুষ? নাকি কোনো অতিথি, যারা অসুস্থ কাউকে দেখতে এসেছে? সেদিন এই পরিবারকে ভীষণ অচেনা লাগছিল।
তিনদিন পর আবার মায়ের সাথে ফিরে এলাম। সময় যত এগোচ্ছিল, আমার শরীর তত ভেঙে পড়ছিল। প্রেশার বেড়ে গেলো, পায়ে পানি এলো। ডাক্তার বলেছিলেন এটা ভালো লক্ষণ না, প্রিএক্লামশিয়া নামক একটা শব্দ তিনি বললেন।
তারপর এল সেই বিভীষিকাময় রাত। ঠিক রাত তিনটার দিকে, আমার তলপেটটা যেন ছিঁড়ে যেতে লাগল। এত অসহ্য যন্ত্রণা আমি আমার ২৬ বছরের জীবনে কখনো বোধ করিনি। আমার মনে হচ্ছিল আমি উঠে দাঁড়াতেও অক্ষম। আমার পানি ভাঙছিল, আমি ব্যথায় চিৎকার করছিলাম। কিন্তু তখনো বাচ্চা হতে আরো প্রায় ছয় সপ্তাহ বাকি।
মা ঘুম থেকে উঠে এক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে গেলেন।
প্রথমে অ্যাম্বুলেন্স ডাকবেন? নাকি রাফিনদের ফোন করবেন? নাকি আমাকে ধরবেন? অ্যাম্বুলেন্স এলে মা আমাকে নিয়ে হাসপাতালে ছুটলেন। আমি শুধু দেখছিলাম, আমার মায়ের হাত দুটো কাঁপছে। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর আমার শ্বশুর শাশুড়ি এলেন। রাফিন চিটাগাং গেছে, আগামীকাল তার আসার কথা। আর বাড়িতে থেকেও রুবি অবশ্য আসেনি। পরে শুনেছিলাম, অত রাতে না এসে সকালে এসে একেবারে বাচ্চা দেখলেই তো হলো এটা নাকি ওর ভাষ্য ছিল। কথাটা শুনে আমার কষ্ট হয়েছিল। কারণ আমি তো ওকে নিজের ছোট বোনের মতোই দেখতাম। তারপর আমার আর কিছু মনে নেই। শুধু মনে আছে, অপারেশন থিয়েটারের উজ্জ্বল আলোটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছিল।
বাচ্চা হবার পর শুরু হলো প্রচণ্ড রক্তক্ষরণ। যখন পুরোপুরি জ্ঞান এসেছিল তখন আর একটা কথা শুনেছিলাম তখন হতভম্ভ হয়ে গিয়েছিলাম। রাফিনদের পুরো পরিবার, আত্মীয়-স্বজন কারোর রক্ত নাকি ও পজিটিভ না। আমাকে নাকি রক্ত দিয়েছিলেন আমার একমাত্র মামা। আর বাকি দুই ইউনিট জোগাড় করা হয়েছিল ব্লাড ব্যাংক থেকে, মামাই করেছিলেন, কিভাবে কে জানে? মামি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে আছেন বহুদিন আর মামাতো দুই ভাই ই দেশের বাইরে থাকে তাই মামাকে একাই ছুটতে হয়েছে।
আমি তখন জীবন আর মৃত্যুর মাঝখানে কোথাও ঝুলে ছিলাম। প্রায় চব্বিশ ঘণ্টা পর যখন পুরোপুরি জ্ঞান ফিরল, মনে হচ্ছিল আমি যেন অনেক দূর থেকে ফিরে এসেছি।
মাথাটা ভারী ছিল। পুরো শরীর নিস্তেজ। তখনই শুনলাম, আমার মেয়ে এনআইসিইউতে। আর আমি অজ্ঞান থাকা অবস্থায় তাকে কোলে করে আমার কাছে এনে আমার এক মামি শাশুড়ি বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করেছেন।
ডাক্তার আর নার্সদের সাথে তর্ক বেঁধে গেছিল কারণ তখনও আমি বিপদমুক্ত নই। তাছাড়া ইনফিউশন দেয়া বাচ্চাকে এনআইসিইউ থেকে কোন ফাঁকে বের করা হয়েছে। এটা নিয়ে হসপিটালের স্টাফ আর আমার ওই তথাকথিত পরিবারের প্রত্যেকের সাথে তুমুল বাকবিতন্ডা শুরু হয়ে যায় আর তারা প্রত্যেকেই এই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে হাসপাতাল ছেড়ে চলে যান। রুবি আর রাফিন দুজনেই সকালে এসে পৌঁছেছিল। সেই ঘটনার পরে শুধুমাত্র আমার মা আর রাফিন ছাড়া আর কেউ আমার পাশে,আমার মেয়ের পাশে হাসপাতালে থাকলো না।
বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা উঠল। মনে হলো, আমার মা হওয়ার গল্পটা অন্য সবার মতো সুন্দর ভাবে শুরু হয়নি।
হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে রিমঝিম কে কোলে নিয়ে আমি মায়ের বাড়িতেই গিয়েছিলাম।
পরের ছয় মাস রাফিন নিয়ম করে আসত। মেয়ের জন্য জামা আনত, খেলনা আনত, আমার ওষুধও আনত। ওই বাড়ির সবাইও মাঝেমধ্যে আসতো। আমার মেয়েকে কোলে নিতো, আদর করতো, ছবি তুলতো। রুবি সেসব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো। ওদের দেখে তখন কেন যেন আমার আর নিজের পরিবার মনে হতো না। যারা আমার কষ্টের সময়ে পাশে থাকে না তারা আবার কিসের পরিবার?
মেয়ের বয়স যখন পঁয়তাল্লিশ দিন, সেদিন প্রথম টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। আমি ভীষণ ভীতু মানুষ। ইনজেকশন দেখলেই আমার হাত-পা ঠান্ডা হয়ে যায়। নিজের সন্তানের গায়ে সূঁচ ফুটতে দেখার সাহস আমার ছিল না। রাফিনের অফিস আছে। আমি সেটা মেনেও নিয়েছিলাম। কিন্তু ওই বাড়িতে তো আরও তিনজন সুস্থ মানুষ ছিলেন। কেউ একবারও বললো না,
-চলো, আমি যাই তোমার সঙ্গে।
আমি একাই গিয়েছিলাম। আমার মায়ের শরীরে তখন ১০৩ ডিগ্রি জ্বর। আমি নিজেই মাকে রিমঝিমকে কোলে নিতে মানা করে দিয়েছিলাম, কে জানে যদি ভাইরাস ফিভার হয়? তারপরেও কি আমাকে মানতে হবে ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার পরিবার, সত্যিকারের পরিবার?
ছয় মাস পর আমি মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরলাম। হ্যাঁ শ্বশুর বাড়ি, বিয়ের প্রথম দেড় বছর যেই বাড়িটাকে নিজের বাড়ি মনে করতাম এখন সেটাকে সত্যিকার অর্থে আমার শ্বশুরবাড়ি মনে হচ্ছে। দিনের শুরু হতো রান্নাঘরে। কেউ দুধ চা খাবে, কেউ লাল চা, কারও পরোটা চাই, কারও খিচুড়ি। এতদিন যেসব কাজ আমি হাসিমুখে করেছি, সেগুলোই এবার আমার কাছে পাহাড়ের মতো কঠিন লাগছিল। রাতগুলোও আর আমার ছিল না।
সারারাত আমি মেয়েকে কোলে নিয়ে বসে থাকতাম। কখনো জ্বর, কখনো পেটব্যথা, কখনো এমনি কান্না। ভোর হতে না হতেই চোখ দুটো জ্বালা করত, মাথা ঝিমঝিম করত।
একদিন খালা শাশুড়ি এসে আগের মত আমার হাতের যত্ন না পেয়ে বলেই ফেললেন,
-আমরাও তো বাচ্চা মানুষ করেছি। এখনকার মেয়েরা অল্পতেই ক্লান্ত হয়ে যায়। আশ্চর্য হয়ে দেখলাম আমার শাশুড়ি মা কোন প্রতিবাদ করলেন না।
রাফিন প্রথম প্রথম আমাদের বেডরুমেই ঘুমাত। কিন্তু মেয়ের কান্নায় ওর ঘুম ভেঙে যেত। বারবার মেয়েকে খাওয়াতে হয়, আমাকে উঠতে হয়, এতে ওর সমস্যা। ঘুম ঠিকঠাক না হলে অফিসের কাজ ঠিকমতো হচ্ছে না এই অজুহাতে সে বেডরুম আলাদা করল। যদিও এখন আবার আমরা একসাথেই থাকি কিন্তু সেই এক-দেড় বছরের কথা আমি ভুলবো না যতদিন না আমার মেয়ে বুকের দুধ খেয়েছে, রাতে একটু ঘুমোতে শিখেছে। রাফিনের তখন অফিসের অজুহাত ছিল কিন্তু সে তখন একবারও আমার দিকে তাকিয়ে দেখেনি আমি কিভাবে বিনিদ্র রাত কাটিয়েছি নিস্তেজ শরীর নিয়ে।
রাতে তখন আমি একা, সকালে আমি একা, দুপুরেও। আমি তখন পাগলের মতো ভেবেছিলাম এই বাজে সিচুয়েশন কে কি মাদারহুড বলে, এটাই তাহলে সেই স্বর্গীয় মাতৃত্ব? না আমার চাই না দ্বিতীয়বার আর এইরকম কোন স্বর্গীয় জীবন।
এক রাতে রিমঝিম অনেকক্ষণ ধরে কেঁদে চলছিল। রুবি বিরক্ত হয়ে এসে বলল,
-কেমন মা তুমি, বাচ্চাকে শান্ত করতে পারো না?
কথাটা শুনে মনে হলো, কেউ আমার বুকের ভেতর একটা ধারালো কাঁচ ঢুকিয়ে দিল।
"কেমন মা আমি?" এই প্রশ্নটা আমাকে করা হলো। কিন্তু কেউ কোনোদিন রাফিনকে জিজ্ঞেস করেনি,
"কেমন বাবা তুমি?"
ছোট বাচ্চাদের সাধারণত অসুখ-বিসুখ লেগেই থাকে। কখনো জ্বর, কখনো কাশি, কখনো ডায়রিয়া। প্রতিবার আমি একাই ডাক্তার দেখিয়েছি টেস্ট করিয়েছি, ওষুধ কিনেছি। হ্যাঁ, রাফিন টাকা দিয়েছে। সেজন্য কি আমি ওকে ধন্যবাদ দেব? তখনো আমার মনে হতো কেউ কখনো রাফিন কে জিজ্ঞেস করে না, "কেমন বাবা তুমি? কখনোই সময় বের করতে পারো না।"
দিন গড়ালো, রিমঝিম এখন অনেক কিছু বোঝে। সংসারও যেন আবার কিছুটা স্বাভাবিক হয়ে গেল। শুধু আমার নিজেকে আর কখনো এই পরিবারের সদস্য মনে হয়না।
এক ছুটির দুপুরে সবাই একসঙ্গে খাচ্ছি।
শাশুড়ি মা হাসিমুখে বললেন,
-বৌমা, এবার আমাদের ঘরে একটা নাতি চাই।
খেয়াল করলাম, তিনি একবারও বলেননি সুস্থ নাতি বা নাতনি। তিনি শুধু বললেন, নাতি।
রাফিন হেসে মাথা নাড়ল। শ্বশুরও খুশি মুখে বললেন,
-হ্যাঁ, এবার একটা ছেলে হলে ভালো হয়।
কেন যেন নিজেকে সেদিন আর সামলাতে পারলাম না। ওদের প্রত্যেকের সামনে এখন আমি যে মুখোশটা পরে থাকি সেই মুখোশটা টান দিয়ে খুলে ফেললাম। ধীরে ধীরে পানির গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলাম। শাশুড়ির দিকে তাকিয়ে বললাম,
-মা, আমি অবশ্যই দ্বিতীয় সন্তান নেব। তবে গ্যারান্টি দিতে পারছি না সেটা ছেলেই হবে কিনা। আর সাথে কিছু শর্তও আছে।
সবার খাওয়া থেমে গেছে,তারা অবাক হয়ে আমার দিকে তাকাল।
আমি বললাম,
-যেদিন আবার বমি করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়বো, সেদিন আমার বিধবা মায়ের নয়, আপনার কাঁধে মাথা রাখব। আমার সমস্ত দেখভাল, যত্ন আপনি করবেন, পারবেন?
কেউ উত্তর দিল না।
-রুবি, বাচ্চা হবার পরে প্রতিদিন রাতে অন্তত তিনটি ঘন্টা তুমি আমার বাচ্চাকে ম্যানেজ করবে। সে যেন কান্না না করে। কান্না করলেই আমি প্রশ্ন করবো "কেমন ফুপু তুমি?" সেই তিন ঘণ্টা আমি ঘুমাবো, আরাম করে ঘুমাবো, পারবে?
রুবি মাথা নিচু করে রইল।
রাফিনের দিকে তাকিয়ে বললাম,
-তুমি কি এবার রাত জেগে বাচ্চার ডায়াপার বদলাবে? টিকা দিতে আমার হাত ধরে সঙ্গে যাবে? বাচ্চার অসুখ বিসুখ আর কান্নাকাটির রাতগুলোতে আমার পাশে বসে থাকবে? ব্যথা উঠলে অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত আমাকে ধরে বসে থাকবে? রক্তের জন্য ছোটাছুটি করবে? শুধুমাত্র টাকা দিয়েই সব দায়িত্ব পালন করে ফেলেছি এই ধারণাটা ফেলে দিতে পারবে? কি পারবে তো?
রাফিনের মুখের হাসি মিলিয়ে গেল। কিন্তু আমি থামলাম না।
-আমার সন্তান জন্ম দেওয়ার সময় আমি মৃ*ত্যুর সঙ্গে লড়েছি। তখন আমার মায়ের হাত কাঁপছিল, তোমাদের নয়। আমার রক্ত জোগাড় করেছে আমার মামা, তোমাদের পরিবার নয়। সন্তান জন্মের পর রাত জেগেছি আমি, ঘুম হারিয়েছি আমি, দোষ শুনেছি আমি। আমার গলাটা কেঁপে উঠল। তোমরা এমনভাবে সন্তান চাও যেন বাজারে গেলাম আর কিনে নিয়ে চলে আসলাম তারপর শোকেসে সাজিয়ে রাখলাম। একজন মায়ের কষ্টের ভাগ কখনো নিতে চাও না তোমরা।
ঘরটা নিস্তব্ধ হয়ে গেল।
-বাবা হতে গেলে শুধু জন্মসনদে নাম লেখা থাকলেই হয় না। দাদা-দাদি হওয়া মানে শুধু ফলমূল নিয়ে গিয়ে একটু আদর করে আসা নয়। আর ফুপু হওয়া মানে ভাতিজিকে কোলে নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা না।
কেউ কোনো কথা বলল না।
ঠিক তখনই আমার সাড়ে চার বছরের রিমঝিম দৌড়ে এসে আমার আঁচল ধরে বলল,
-মাম্মাম, তুমি কাঁদছ কেন? অজান্তে কখন কেঁদে ফেলেছি জানিনা।
আমি ওকে কোলে তুলে নিলাম। রিমঝিম ওর ছোট্ট হাতগুলো দিয়ে আমার চোখের পানি মুছিয়ে দিল।
ঘরে তখন পিনপতন নীরবতা।
আমি রিমঝিমকে শক্ত করে বুকে চেপে ধরলাম। আমি আরও একজন সন্তানকে পৃথিবীতে আনতে ভয় পাই না। আমি ভয় পাই সেই একাকীত্বকে, যেখানে একটি যৌথ পরিবারের মাঝখানেও একজন মা একাই সবকিছু বয়ে বেড়ায়।
আর সেই একই পথ দ্বিতীয়বার হাঁটতে আমি কখনোই রাজি নই। আমি সব সময় ভাবি, মাতৃত্ব যদি সত্যিই স্বর্গীয় ব্যাপার হয়ে থাকে তাহলে সেই স্বর্গে মা একা কেন?
#স্বর্গীয়_সোপান
কলমে:সুবর্না শারমিন নিশী
মা যদি সন্তানকে শেখান ফুপু-চাচাদের অসম্মান করতে, আর বাবা যদি শেখান মামা-খালাদের তুচ্ছ করতে তাহলে সেই সন্তানের কাছ থেকে ভবিষ্যতে নিজের জন্য সম্মান আশা করা কতটা যুক্তিযুক্ত?
শিশুরা যা দেখে, তাই শেখে। আপনি যদি তাকে সম্পর্ক ভাঙতে শেখান সে একদিন সেই শিক্ষাই আপনার ওপর প্রয়োগ করবে। কারণ আচরণও উত্তরাধিকার হয়ে যায়।
বড়দের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। সম্পর্ক দূরে রাখতে পারেন, সীমারেখা টানতে পারেন। কিন্তু নিজের রাগ, অহংকার বা প্রতিশোধের অস্ত্র হিসেবে সন্তানকে ব্যবহার করা শুধু ভুল নয় বরং অত্যন্ত নীচ মানসিকতার পরিচয়।
আমার নিজের সন্তানদের সামনে অনেকেই আমাকে ভয়াবহভাবে অপমান ও অপদস্ত করেছে। এমন মুহূর্তও গেছে, যখন আমার সঙ্গে আমার সন্তানরাও কেঁদেছে। তারা সত্য-মিথ্যা অনেক কিছুই জানে, অনেক কিছুই দেখেছে। তবুও আমি কখনো তাদের এমন শিক্ষা দিইনি যাতে তারা কারও সঙ্গে এমন আচরণ করে যা তাদের বাবা-মাকে অসম্মান করে। কারণ আমি জানি সন্তানকে বেয়াদবি শেখানো খুব সহজ কিন্তু তাকে ভদ্রতা ও সম্মানের শিক্ষা দেওয়া অনেক কঠিন।
আমি কখনো চাই না আমার চরম শত্রুও যেন আমার সন্তানকে "বেয়াদব" বলে পরিচয় করিয়ে দিতে পারে। কারণ একজন সন্তানের সবচেয়ে বড় পরিচয় তার ব্যবহার, তার ভদ্রতা এবং তার চরিত্র।
যারা আপনাকে সম্মান করে না, তারা আপনার সন্তানকেও সত্যিকারের ভালোবাসবে না, এটা সত্য। কিন্তু সেই কারণে শিশুর মনে ঘৃণা, অবজ্ঞা আর অসম্মানের বীজ বপন করা কোনো সমাধান নয়।
শিশুরা ফেরেশতার মতো নিষ্পাপ, কোমল কাঁদামাটির মতো। আপনি তাদের হৃদয়ে যা রোপণ করবেন, ভবিষ্যতে সেটাই ফল হয়ে ফিরে আসবে। তাই সন্তানকে প্রতিশোধ নয়, সম্মান শেখান। ঘৃণা নয়, মানবিকতা শেখান। কারণ আজ সে অন্যকে যেভাবে সম্মান করতে শিখছে, কাল ঠিক সেভাবেই আপনাকেও মূল্যায়ন করবে।
কখনো কখনো মনে হয় জীবনটা যেন অসহনীয় ভারে ভরে গেছে। তবুও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, কারণ আমি জানি—আমার ভেঙে পড়ার অধিকার নেই। আমার দুই সন্তানের জন্য আমাকে শক্ত থাকতে হবে। কিন্তু সত্যি বলতে, এই ভারী জীবনটা বয়ে নিয়ে চলতে গিয়ে আমি আজ খুব ক্লান্ত। খুব, খুব ক্লান্ত। 💔
মেয়েদের বলছি বেশি কাজের হবেন না।বেশি পারফেক্ট হইতে যাবেন না।পারফেক্ট হোম,পারফেক্ট রান্না,পারফেক্টভাবে বাচ্চা পালা, এইগুলা করে নিজের শরীর, মন সব ধংস করে কি পাবেন?দিন শেষে শুনতে হবে এই বয়সেই এত রোগ তোমার।
দিন শেষে কিছু মানুষ দেখায় দিবে আপনার অবস্থান। যেসব বাচ্চারা একা একা বড় হয়, বুয়ার হাতের রান্না খেয়ে বড় হয় কিন্তু ভালো থাকে।এত ভালো মা বউ হওয়া লাগবে না। খারাপ পুরুষদের কাছে আপনার ভ্যালু শুন্য। তারা নিজেদের সকল অপূর্ণতা জীবন সঙ্গীর ভেতর খুঁজে বেড়ায়। যে পুরুষ একটা ডিমভাজি করে খেতে পারেনা,এক প্লেট ভাত রান্না করতে পারেনা, সে কখনও নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করবে না। সে চিন্তা করবে তার স্ত্রী কি পারে আর কি পারে না। তার কাছে কখনো আপনি আপনার রান্নার প্রশংসা পাবেন না, আপনার ঘাম ঝরা খাটনি,আপনার ক্লান্তিময় শরীরের ব্যাথা তার চোখে কখনো পড়বে না। আপনার অসুখ বিসুখে কখনো তার মনে মায়া জন্মাবেনা।আপনার উদাসীন দুপুর, নির্ঘুম রাত তার মনে বিন্দু পরিমাণ দাগ কাটবে না। সংসার আর যাই হোক মায়া ছাড়া হয় না।একি বিছানায় থেকেও দুটি মানুষ দুজনের কাছ থেকে কত দূরে। এই দূরত্ব এক দিনের না যুগের পর যুগ ধরেই চলছে এই মনের বিরুদ্ধে যুদ্ধ,সব ঠিক হয়ে যাওয়ার আপ্রান চেষ্টা । দুনিয়ায় যদি কেউ জাহান্নামের সাধ পেতে চায় সে যেন একটা ভুল মানুষকে বিয়ে করে।
অনেকে বলে না একটা বাচ্চা নাও সবকিছু ঠিক হয়ে যাবে। একটা বাচ্চা হওয়ার পরে কখনো কিছু ঠিক হয় না।কত দম্পত্তির তো কোন বাচ্চাই নেই, কিন্তু ভালোবাসাটা ঠিকঠাক আছে। যেখানে ভালোবাসা আছে সেখানে বাচ্চা,পারফেকশন এইগুলা কোন ম্যাটার করেনা। আপনি আপনার কদর কখনোই ভুল মানুষের কাছে আশা করবেন না। নিজেকে ভালোবাসুন এখনো সময় আছে। মেয়েরা নিজের ভ্যালু নিজেই কমাই ভুল মানুষের কাছে প্রত্যাশা করে।
কত নারী দেখতে ভালো না, সঙ্গীর প্রতি যত্নবান না, ভালো রান্না পারেনা,গুছিয়ে কোন কাজই করতে পারেনা।যদি সংসার ভাঙ্গার রিজন এইগুলা হত / সঙ্গীর অবহেলার কারণ এইগুলোও হত।বেশিরভাগ মেয়েদেরি সংসার টিকতো না।কারন এই যুগে সুন্দর করে গুছিয়ে সংসার করে খুব কম নারী। নারী হয়ে বলছি সংসার করা ২৪ ঘন্টা চাকরি করার চাইতেও কঠিন। আর ভুল মানুষের সংসার করে নরক যন্তনাই পোড়ার মত।
©
সব সম্পর্ক ঝগড়ায় শেষ হয়না। কিছু সম্পর্ক নিঃশব্দে শেষ হয়ে যায়,
দুই পক্ষের কেউ কিছু বলে না, কিন্তু সবকিছু বদলে যায়।
আগে যেখানে ছোট ছোট টপিক নিয়েও কথাবার্তা হতো,
সেখানে এখন কথাগুলো জমে থাকে, না বলা অবস্থায়।
প্রতিদিনের সাধারণ প্রশ্নগুলোও একসময় হারিয়ে যায়।
কথা কমতে কমতে, অভ্যাসগুলো বদলাতে বদলাতে,
দু’জন মানুষ ধীরে ধীরে একজন আরেকজনের জীবনের বাইরে চলে যায়।
কেউ officially goodbye বলে না, কেউ সম্পর্ক শেষ ঘোষণা করে না,
তবুও, একদিন হঠাৎ করেই বুঝতে পারেন, আপনারা আর আগের জায়গায় নেই।
একই মানুষ, একই স্মৃতি, কিন্তু connectionটা আর আগের মতো নেই।
কারণ ঝগড়ার শেষে অন্তত একটা কারণ থাকে। কিন্তু এই নীরব দূরত্ব,
এটার কোনো ব্যাখ্যা থাকে না।
আর সেই কারণেই, কিছু সম্পর্ক শেষ হয় না,
তারা শুধু আর আগের মতো থাকে না।
নিজের অধিকারটুকু ছেড়ে দেওয়া মানে কেবল কিছু সুযোগ হারানো নয়, বরং নিজের ব্যক্তিত্ব আর অস্তিত্বের কাছে হেরে যাওয়া। এই পৃথিবীতে মানুষ ততটুকুই দখল করে নেয়, যতটুকু আপনি তাকে ছেড়ে দেন। আপনি যখন বিনয়ের নামে কিংবা ত্যাগের দোহাই দিয়ে নিজের ন্যায্য পাওনা বা অধিকার থেকে মুখ ফিরিয়ে নেন, তখন সমাজ আপনাকে 'ভালো মানুষ' নয়, বরং 'দুর্বল' হিসেবে গণ্য করতে শুরু করে।
অধিকার আদায়ে সোচ্চার হওয়া মানেই অভদ্রতা নয়; এটি নিজের আত্মসম্মান রক্ষার লড়াই। আমরা অনেক সময় মায়ার খাতিরে কিংবা ঝামেলা এড়াতে নিজের অধিকার বিলিয়ে দিই, কিন্তু মনে রাখবেন-যে একবার আপনার অধিকার হরণ করার সুযোগ পায়, সে বারবার আপনাকে অবহেলার পাত্র বানাবে। আপনার প্রাপ্য মর্যাদা, আপনার কথা বলার স্বাধীনতা আর আপনার অর্জিত অধিকারটুকু রক্ষার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের।
কারো দয়া বা করুণার ওপর ভিত্তি করে বেঁচে থাকার মধ্যে কোনো গৌরব নেই। নিজের অধিকারটুকু বুঝে নেওয়ার সাহস সঞ্চয় করুন। অন্যের ক্ষতি না করে নিজের প্রাপ্যটুকু বুঝে নেওয়াটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়।মেরুদণ্ড সোজা রেখে নিজের সীমানা আর অধিকারটুকু আগলে রাখুন; কারণ দিনশেষে যারা লড়তে জানে, পৃথিবী কেবল তাদেরই মনে রাখে।🩶
©
সন্তানের ছোটবেলাটা কোনদিন ফিরে পাবেন না… 🤍
হয়তো আপনি আবার নিজেকে গুছিয়ে নিতে পারবেন, নতুন করে সাজাতে পারবেন জীবন।
কিন্তু যে ছোট্ট মানুষটা একদিন সারাক্ষণ আপনার কোল জুড়ে থাকত, সে একদিন নেমে দাঁড়াবে নিজের পায়ে।
স্কুলের ব্যাগ কাঁধে তুলে নেবে…
আর আপনি চাইলেও আগের মতো কোলে তুলে নিতে পারবেন না।
একবার যে মাতৃত্বের স্বাদ পেয়েছে, সে জানে —
বড় হয়ে যাওয়া সন্তানের ছেলেবেলাটাকে কতটা গভীরভাবে মিস করা যায়।
মিস করবেন —
ছোট ছোট ফিডার কেনার সেই উত্তেজনা।
নতুন জামা কিনে বুকের কাছে চেপে ধরার মুহূর্ত।
হামাগুড়ি দিয়ে আপনার দিকে আসা ছোট্ট মানুষটাকে।
প্রথম দাঁত উঠলে অকারণ খুশি হওয়া।
প্রথম হাঁটার সময় ভয় আর আনন্দে একসাথে কাঁপা হৃদয়।
আর সবচেয়ে বেশি…
আধো আধো বুলিতে “মা” ডাক শোনার সেই প্রথম অনুভূতিটা।
সময় খুব চুপচাপ কাজ করে।
আপনি বুঝে ওঠার আগেই ওরা বড় হয়ে যায়।
তাই আজ একটু থামুন।
মোবাইলটা নামিয়ে রাখুন।
ওদের সাথে মেঝেতে বসুন।
অগোছালো খেলায় যোগ দিন।
কারণ একদিন এই অগোছালো মুহূর্তগুলোকেই আপনি সবচেয়ে বেশি খুঁজবেন।
সন্তানের ছোটবেলাটা —
আপনার জীবনের সবচেয়ে সুন্দর, অথচ সবচেয়ে দ্রুত ফুরিয়ে যাওয়া অধ্যায়। 🤍
যখন ভালোবাসা আর অপরাধবোধ একসাথে মনে ধাক্কা দেয়… 🥲
একটা সন্তানকে আমি কোলে ধরে রাখি,
আর আরেকটা থাকে আমার হৃদয়ের ভেতর।
তবুও কখনো কখনো মনে হয়— দু’জনের কাছেই যেন ঠিকমতো হতে পারছি না।
ছোটটার সাথে একটু বেশি সময় কাটালে,
বড়টার চোখে নীরব প্রশ্ন দেখি।
আবার বড়টার দিকে মন দিলেই,
ছোটটা কাঁদতে শুরু করে— যেন ভাবছে তাকে ফেলে দিয়েছি।
আমার মন সবসময় দু’ভাগ হয়ে থাকে,
কিন্তু আমার ভালোবাসা কখনোই অর্ধেক হয় না।
কিছু রাত আছে, যখন একা বসে ভাবি—
আজ কি বেশি বকেছি?
আজ কি ঠিকমতো জড়িয়ে ধরেছি?
কাউকে কি অবহেলিত মনে করিয়েছি?
দুই সন্তানের মা হওয়া মানে শুধু দ্বিগুণ আনন্দ না,
দ্বিগুণ দায়িত্বও।
দ্বিগুণ চিন্তা,
দ্বিগুণ অপরাধবোধ…
কিন্তু এর সাথে আছে—
দ্বিগুণ ছোট ছোট হাত “মা” বলে ডাকছে।
দ্বিগুণ কারণ, প্রতিদিন নতুন করে উঠে দাঁড়ানোর।
আমি হয়তো প্রতিটা মুহূর্তে নিখুঁত মা হতে পারি না,
কিন্তু প্রতিদিনই আমি দু’জনের জন্য ভালোবাসায় ভরা একজন মা। ❤️
কারণ অপরাধবোধ যতই ফিসফিস করুক,
ভালোবাসার শব্দ সবসময়ই তার চেয়ে জোরে শোনা যায়। 💕
দুই সন্তানের মা হওয়া সহজ নয়।
দুটি বাচ্চা থাকা পুরোদমে একটা ঘূর্ণিঝড়।
একজন কাঁদে, অন্যজন চিৎকার করে।
একজনের খাবারের প্রয়োজন, অন্যজনের তোমার বাহুতে আরামের প্রয়োজন।
আর তুমি? তুমি একসাথে দুটি জায়গায় থাকার চেষ্টা করছো, যতটা সম্ভব ভেবেছিলে তার চেয়েও পাতলা হয়ে নিজেকে প্রসারিত করছো।
ক্লান্তি প্রচণ্ড আঘাত করে। অপরাধবোধ আরও তীব্র আঘাত করে।
কিন্তু তারপর, একটি ক্ষণস্থায়ী মুহূর্তে, তারা দুজনেই একই সাথে তোমার দিকে এগিয়ে যায়।
দুটি ছোট হাত তোমার হাত ধরে। দুটি নিষ্পাপ হাসি ঘর ভরে যায়।
আর হঠাৎ করেই, বিশৃঙ্খলা মূল্যবান বলে মনে হয়।
কোলাহল, বিশৃঙ্খলা, মারামারি - এগুলো সবই তুমি একসাথে লেখা গল্পের অংশ।
দুই সন্তানের মা হওয়া সহজ নয়।
এটা অগোছালো, জোরে, অপ্রতিরোধ্য।
কিন্তু এটা খাঁটি ভালোবাসা, কাঁচা এবং অটল।
এমনকি যখন তুমি হাল ছেড়ে দিতে চাও, তখনও তুমি যথেষ্ট। তুমিই তাদের যা প্রয়োজন।
কখনও কখনও… যখন ঘরটা একদম চুপচাপ, আর আমার ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে পড়ে, তখন আমি মোবাইলে ওর নবজাতক সময়ের ছবিগুলো দেখি।
সেই ছোট্ট মুখটা। কুঁচকানো ছোট ছোট আঙুল। যেভাবে ও আমার বুকের উপর একদম ঠিকভাবে মানিয়ে থাকত, যেন ওর জায়গাটা সেখানেই ছিল সবসময়।
হঠাৎ করেই আমি ওর সেই রূপটাকে মিস করতে থাকি— যে রূপটা এখন আর নেই।
রাতের নিঃশব্দ দুধ খাওয়ানোর সময়গুলো মনে পড়ে, যখন পৃথিবীটা ছোট আর পবিত্র মনে হতো। ঘুম ঘুম ভঙ্গিতে হাত-পা মেলা। সবকিছু নতুন লাগা— এমনকি ক্লান্তিটাও।
এখন সে দৌড়ায়। কথা বলে। নিজের মতামত জানায়। আগের মতো আর কোলে থাকতে চায় না।
আর আমি… অন্ধকারে বসে মোবাইলের দিকে তাকিয়ে থাকি। চোখে পানি, মুখে হাসি। একসাথে সুখ আর কষ্ট অনুভব করি।
মা হওয়াটা আসলেই অদ্ভুত এক অনুভূতি। বারবার নতুন করে ভালোবাসায় পড়ি, আর চুপচাপ কষ্ট পাই— ওরা বড় হয়ে গেলে তাদের আগের ছোট ছোট রূপগুলো হারিয়ে যায় বলে।
তুমি যদি কখনও এমন করে বাচ্চার পুরোনো ছবি দেখে থাকো, যখন সে পাশের ঘরে ঘুমিয়ে আছে… তাহলে জেনে রাখো, তুমি একা নও। 🤍
Alerts
Be the first to know and let us send you an email when Ountu's Closet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Subscribe
We will notify you when anything happens in Bhola.